রবিবার

২৩ আগস্ট, ২০২৬ ৭ ভাদ্র, ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত আট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ২০:৩৯

শেয়ার

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত আট
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলের এক দুর্গম সামরিক রাডারকেন্দ্রের কাছে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে বিমানের আট আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে বিমান বিধ্বস্তে প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

মার্কিন বার্তা সংস্থা এপি বলছে, আলাস্কার কেপ নিউএনহাম লং রেঞ্জ রাডার কেন্দ্রের বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। আলাস্কার সবচেয়ে বড় শহর অ্যাঙ্কোরেজ থেকে বিমানবন্দরটির দূরত্ব প্রায় ৭২৫ কিলোমিটার। অ্যাঙ্কোরেজ থেকে বিমানটি যাত্রা শুরু করেছিল।

দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন বলেন, দুর্ঘটনার সময় ওই বিমানে ছয়জন যাত্রী ও দু’জন পাইলট ছিলেন।

দুর্ঘটনাকবলিত বিমানটিকে সেসনা ৪৪১ মডেলের বলে শনাক্ত করা হয়েছে; যা অ্যাঙ্কোরেজভিত্তিক চার্টার বিমান সংস্থা সিকিউরিটি অ্যাভিয়েশন পরিচালনা করত।

বিমান দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছেন আলাস্কার সিনেটর লিসা মুরকোভস্কি। দুর্গম অঞ্চলে সেবা দেয়া চার্টার কোম্পানিটির নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেছেন, আমি সিকিউরিটি অ্যাভিয়েশনের বিমানে চড়ে আলাস্কার বিভিন্ন প্রান্তে বহু ভ্রমণ করেছি এবং তাদের অনেক অভিজ্ঞ পাইলটের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে।

তিনি বলেন, ইউএস কোস্ট গার্ড, এনটিএসবি, আলাস্কা স্টেট ট্রুপার্স এবং রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারসহ বেশ কয়েকটি সংস্থা দুর্ঘটনার পর উদ্ধারকাজে এগিয়ে এসেছে।

আলাস্কান নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড অঞ্চল ও একাদশ এয়ার ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস বলেছেন, বিমানে থাকা যাত্রীরা কঠিন পরিবেশে গুরুত্বপূর্ণ মিশন বাস্তবায়নের কাজে নিয়োজিত নিবেদিতপ্রাণ পেশাদার কর্মকর্তা ছিলেন।

আলাস্কার আকাশসীমায় চলাচলকারী বিমানের ওপর নজর রাখা ওই রাডার কেন্দ্রে দুর্ঘটনাকবলিত ব্যক্তিরা নির্দিষ্টভাবে কী কাজ করছিলেন, তা আলাস্কান কমান্ডের বিবৃতি থেকে তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।



banner close
banner close