শুক্রবার

২১ আগস্ট, ২০২৬ ৬ ভাদ্র, ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত বিধ্বংসী’ জবাবের হুমকি ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১৮:২৯

শেয়ার

যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত বিধ্বংসী’ জবাবের হুমকি ইরানের
ছবি সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে নতুন করে কোনো চাপ প্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত বিধ্বংসী’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

শুক্রবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গত বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে দেশটির বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। আগামী সোমবার এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যেসব দেশ ইরানকে যেকোনো ধরনের সহায়তা দেবে, তাদেরও অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে।

এসব হুমকির জবাবে শুক্রবার ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি বলেন, নতুন মার্কিন হুমকির জবাব হবে ব্যাপক ও নির্ণায়ক।

তিনি বলেন, স্থল, সমুদ্র, আকাশ, আকাশ প্রতিরক্ষা ও সাইবার ক্ষেত্রে ‘চূড়ান্ত, শাস্তিমূলক ও বিধ্বংসী’ প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

ইরানের পার্লামেন্টের স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলা আলোচনায় দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফও যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেছেন।

ইরাক সফরের সময় তিনি বলেন, ওয়াশিংটন সম্ভবত বুঝতে পেরেছে যে সরাসরি সামরিক সংঘাতে ইরানের বিরুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। তাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন অর্থনৈতিক ও কগনিটিভ বা জনমত ও মানসিক প্রভাব বিস্তারের দিকে যাচ্ছে। অন্যায় নিষেধাজ্ঞা মোকাবিলায় তা কাটিয়ে ওঠার পরিকল্পনা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুমকির পর তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম।



banner close
banner close