বুধবার

১৯ আগস্ট, ২০২৬ ৪ ভাদ্র, ১৪৩৩

কলকাতা নিউ মার্কেটের পাশের হোটেলে আগুন, নিহত ৯

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ০৯:১৩

শেয়ার

কলকাতা নিউ মার্কেটের পাশের হোটেলে আগুন, নিহত ৯
ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। মৃতদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানায়, বুধবার ভোর ৩টার দিকে হোটেলটির চারতলায় আগুন লাগার খবর পায় পুলিশ ও দমকল বাহিনী। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরই মধ্যে হোটেলের একটি অংশ পুড়ে যায় এবং আটকা পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়।

মির্জা গালিব স্ট্রিট, যা আগে ফ্রি স্কুল স্ট্রিট নামে পরিচিত ছিল, কলকাতা নিউ মার্কেটের একেবারে পাশেই অবস্থিত। নিউ মার্কেটের পেছনের অংশ ও আশপাশের বেশ কয়েকটি প্রধান গলি এ সড়কের সঙ্গে যুক্ত।

নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃতদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কা করা হচ্ছে। আগুনে আহত কয়েকজনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে হোটেলের একটি এসি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ঘটনাস্থলে রয়েছেন পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী ও কলকাতা পুলিশের কমিশনার।

স্থানীয়দের ভাষ্য, আগুন লাগার সময় হোটেলের বিভিন্ন কক্ষে অনেকেই ঘুমিয়ে ছিলেন। বাইরে থেকে আগুনের শিখা দেখা না গেলেও হোটেল থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়ার পর ভেতরে থাকা লোকজন বাইরে বের হওয়ার চেষ্টা করেন।

অভিযোগ রয়েছে, হোটেলের প্রবেশ ও বের হওয়ার পথ ছিল খুবই সংকীর্ণ। এতে আতঙ্ক ও হুড়োহুড়ির সৃষ্টি হয়। এখন পর্যন্ত প্রায় ৬০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া অনেকেই অচেতন হয়ে পড়েন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হোটেলের ভেতরে আটকা অবস্থায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের শরীরে পোড়ার চিহ্ন রয়েছে। তবে চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।



banner close
banner close