ভারতের বিহারের লখিসরাই জেলার ঐতিহ্যবাহী অশোক ধাম মন্দিরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার গুজবকে কেন্দ্র করে হুড়োহুড়ির ঘটনায় অন্তত সাত নারী পদদলিত হয়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুণ্যার্থী।
সোমবার (১৭ আগস্ট) ভোরে মন্দিরে পূজা দিতে আসা ভক্তদের ভিড়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
মন্দিরের কর্মকর্তা শৈলেন্দ্র কুমার জানান, ভোরে পূজা চলাকালে মন্দিরে হুট করে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এবং পুণ্যার্থীদের ওপর তার ছিঁড়ে পড়ছে—এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে গুজবটি পূজারিদের মধ্যে ছড়িয়ে পড়লে সেখানে আতঙ্ক তৈরি হয়।
বিশেষ করে নারীদের সারিতে হুড়োহুড়ি শুরু হয়। আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে অনেকে একে অপরের ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই সাত নারীর মৃত্যু হয়।
লখিসরাই জেলা প্রশাসন জানিয়েছে, পদদলিত হয়ে আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতের পাশাপাশি ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক আখ্যা দিয়ে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানান, আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে জরুরি ভিত্তিতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:








