রবিবার

১৬ আগস্ট, ২০২৬ ১ ভাদ্র, ১৪৩৩

ওমরাহ ভিসা থাকলেও মানতে হবে নতুন শর্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ২১:৪৩

শেয়ার

ওমরাহ ভিসা থাকলেও মানতে হবে নতুন শর্ত
ছবি সংগৃহীত

সৌদি আরবের একাধিকবার প্রবেশের সুবিধাযুক্ত ওমরাহ ভিসা ৩৬৫ দিন কার্যকর থাকলেও প্রতিবার দেশটিতে প্রবেশের আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

রবিবার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

মন্ত্রণালয় জানিয়েছে, একাধিকবার প্রবেশের এই ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করতে হবে।

জুলাইয়ে চালু হওয়া মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এই সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে পুরো ভিসার মেয়াদে সৌদিতে অবস্থানের মোট সময় সর্বোচ্চ ৯০ দিন।

মন্ত্রণালয় বলেছে, নতুন ব্যবস্থার উদ্দেশ্য হলো মুসল্লিদের ওমরাহ পালনের সময়সূচি নির্ধারণে আরও বেশি সুবিধা দেওয়া। তবে ভিসার মেয়াদ এক বছর হওয়া মানেই প্রতিবার প্রবেশের জন্য আলাদা শর্ত পূরণের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় না।

প্রতিটি সফরের জন্য নুসুকের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে নতুন করে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। ওই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমা অতিক্রম করতে পারবে না।

এ ছাড়া প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপ থেকে ওমরাহ পারমিট নিতে হবে। পারমিটে উল্লেখ করা তারিখ সার্ভিস প্যাকেজে নির্ধারিত তারিখের সঙ্গে মিলতে হবে। ভিসাধারীদের সৌদি আরবে প্রবেশ ও ভ্রমণের ক্ষেত্রে অন্যান্য সব যোগ্যতা ও নিয়মও পূরণ করতে হবে।

প্রথমবার ওমরাহ পালনের ক্ষেত্রে প্রক্রিয়া শুরু হবে নুসুকে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনার মাধ্যমে। এরপর ভিসার আবেদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সৌদি আরবে যাওয়ার আগে ভ্রমণকারীর যোগ্যতা যাচাই করা হবে।

সৌদি আরবে পৌঁছানোর পর প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে। পরে দেশ ছাড়ার তথ্যও হালনাগাদ করা হবে, যাতে ভিসাধারী ৯০ দিনের সম্মিলিত অনুমোদিত অবস্থান থেকে কত দিন ব্যবহার করেছেন এবং কত দিন বাকি রয়েছে, তা হিসাব করা যায়।

অর্থাৎ, এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা হাতে থাকলেই পরবর্তী সফরে সরাসরি সৌদি আরবে প্রবেশ করা যাবে না। প্রতিবার ওমরাহ পালনের পরিকল্পনা করলে নতুন করে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।



banner close
banner close