শুক্রবার

১৪ আগস্ট, ২০২৬ ৩০ শ্রাবণ, ১৪৩৩

টানা সাগরে অবস্থানে মার্কিন রণতরীর ক্রুদের মধ্যে ক্ষোভ-হতাশা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ১৬:৫৭

শেয়ার

টানা সাগরে অবস্থানে মার্কিন রণতরীর ক্রুদের মধ্যে ক্ষোভ-হতাশা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরানবিরোধী সামরিক অভিযানে নিয়োজিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিংকন-এর ক্রু ও নাবিকদের মধ্যে তীব্র মানসিক স্বাস্থ্য সংকট এবং দৈনন্দিন রসদ সরবরাহে জটিলতা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জাহাজটিকে ফেরত এনে এর স্থলাভিষিক্ত করতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দায়িত্বরত অপর রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন-কে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, একটি ক্রুজার ও একটি ডেস্ট্রয়ারসহ ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ গত সপ্তাহে ভিয়েতনামের দানাং বন্দর ত্যাগ করে। ইতোমধ্যেই রণতরী বহরটিকে সিঙ্গাপুর ও মালাক্কা প্রণালি পেরিয়ে ভারত মহাসাগরের অভিমুখে যাত্রা করতে দেখা গেছে।

ওয়াল স্ট্রিট জার্নাল ও বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান মার্কিন সামরিক উপস্থিতির অংশ হিসেবেই লিংকনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছে ওয়াশিংটন।

সাধারণত মার্কিন নৌবাহিনীর মিশন বা মোতায়েনের মেয়াদ ৬ থেকে ৯ মাস হয়ে থাকে। তবে যুদ্ধের কারণে ‘ইউএসএস অ্যাব্রাহাম লিংকন’-এর মোতায়েনের মেয়াদ প্রায় ২৬০ দিনেরও বেশি সময় বৃদ্ধি করা হয়েছে, যা আধুনিক ইতিহাসের অন্যতম দীর্ঘতম রণতরী মোতায়েন।

মার্কিন সংবাদমাধ্যম ‘নেভি টাইমস’ ও ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’-এর প্রতিবেদন অনুযায়ী, একটানা দীর্ঘকাল সাগরে অবস্থান করায় প্রায় ৫,০০০ ক্রুবিশিষ্ট এই জাহাজে চরম মানসিক হতাশা ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকজন সদস্য জাহাজ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টাও চালিয়েছেন বলে জানা গেছে। এতে ক্রুদের পরিবার ও যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।



banner close
banner close