বুধবার

১২ আগস্ট, ২০২৬ ২৮ শ্রাবণ, ১৪৩৩

বাব-এল মান্দেবে হুতিদের হামলায় নিহত ৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ১২:৫৩

শেয়ার

বাব-এল মান্দেবে হুতিদের হামলায় নিহত ৬
ছবি সংগৃহীত

বাব-এল মান্দেব প্রণালীতে মিশরীয় মালিকানাধীন একটি মালবাহী জাহাজে হুতি বিদ্রোহীদের দুই দফা হামলায় অন্তত ছয়জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর সমুদ্রপথে হুতিদের হামলায় এটিই প্রথম প্রাণহানির ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিক জাহাজটি লক্ষ্য করে হুতিরা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে জাহাজটিতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

হামলায় তিনজন পাকিস্তানি ও একজন ইন্দোনেশীয় নাগরিক নিহত হন। পরে আহত ও নিহতদের উদ্ধারের সময় ইয়েমেনের কোস্টগার্ডের উদ্ধারকারী দলকে লক্ষ্য করে হুতিরা আরও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে উদ্ধারকাজে নিয়োজিত বাহিনীর আরও দুই সদস্য নিহত হন।

ঘটনায় জাহাজের সাতজন ক্রু সদস্যসহ মোট ১০ জন আহত হয়েছেন।

ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হুতিদের বিরুদ্ধে কার্যকর ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

তবে হুতিদের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা সাবা জানিয়েছে, সামরিক সরঞ্জাম বহনকারী একটি সৌদি জাহাজে হামলা চালানো হয়েছে। তবে সৌদি আরব এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুতিদের মধ্যে ২০২২ সালে শুরু হওয়া জাতিসংঘ-সমর্থিত যুদ্ধবিরতি গত ১৩ জুলাই সানা বিমানবন্দরে সৌদি বিমান হামলার পর ভেঙে পড়ে। এরপর থেকে হুতিরা সৌদি আরবের আবহা বিমানবন্দর, নৌযান ও তেল স্থাপনায় হামলা চালিয়ে আসছে। এর জবাবে সৌদি জোট ইয়েমেনের হুদায়দাহ ও কামারান দ্বীপে বিমান হামলা পরিচালনা করছে।

সূত্র: আল জাজিরা



banner close
banner close