মঙ্গলবার

১১ আগস্ট, ২০২৬ ২৭ শ্রাবণ, ১৪৩৩

গাঁজা সেবন করে বিমান চালানোর অভিযোগ পাইলটের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ২২:০৯

শেয়ার

গাঁজা সেবন করে বিমান চালানোর অভিযোগ পাইলটের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

ভারতের বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমান থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লি আসার পথে হঠাৎ উচ্চতা হারিয়ে ফেলে এবং এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। সেই বিমানের প্রধান পাইলট দ্বিতীয় ডোপ টেস্টেও ব্যর্থ হয়েছেন বলে দেশটির একাধিক সূত্র এনডিটিভিকে নিশ্চিত করেছে।

১৩৭ জন যাত্রী ও আটজন ক্রু সদস্য নিয়ে এআই-২৩৭৯ বিমানটি গত ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল। যাত্রাপথের মাঝআকাশে এটি প্রচণ্ড ঝাঁকুনির মুখে পড়ে এবং হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য আহত হন। দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু বলেছেন, আহতদের মধ্যে দুজন ক্রু সদস্য ঘাড়ে গুরুতর আঘাত পেয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে বিমান অবতরণের পর স্ক্রিনিংয়ে ওই পাইলটের শরীরে সাইকোঅ্যাক্টিভ উপাদানের উপস্থিতি ধরা পড়ে। কিছুদিন পর আরেকটি পরীক্ষা করা হয় এবং সেই পরীক্ষাতেও পাইলট মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। বিশেষভাবে পরীক্ষায় পাইলট গাঁজা সেবন করেছিলেন বলে নিশ্চিত হয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

ওই সূত্র বলেছে, এয়ারবাস এ৩২০নিও বিমানটি ৩০০ ফুট নিচে নেমে যায়। পাইলটের কোনো পদক্ষেপ, প্রযুক্তিগত কিংবা হাইড্রোলিক ত্রুটি যে কারণেই বিমানটি নেচে নেমে যাক না কেন, সেই সময় পাইলট তার আসনে ছিলেন না এবং সহকারী-পাইলট বিমানে দায়িত্বরত ছিলেন। হঠাৎ বিমান নিচে নামায় সেটি ‌‘নেগেটিভ-জি’ পরিস্থিতিতে চলে যায়। এতে ককপিটের জিনিসপত্রের পাশাপাশি পাইলট নিজেও শূন্যে ভেসে ওঠেন। আর একই কারণে বিমানের পেছনের যে যাত্রীরা সিটবেল্ট বাঁধেননি, তারা গুরুতর আহত হন।

তদন্ত চলমান থাকায় উভয় পাইলটকেই আপাতত ফ্লাইট পরিচালনা থেকে অব্যাহতি দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বলেছে, এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) এই ঘটনায় তদন্ত শুরু করেছে।



banner close
banner close