মঙ্গলবার

১১ আগস্ট, ২০২৬ ২৭ শ্রাবণ, ১৪৩৩

খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ১১:৫৮

শেয়ার

খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প
ছবি সংগৃহীত

ইরানি হামলার ঝুঁকির কারণে গত মাসে তুরস্ক থেকে যুক্তরাজ্যে ফেরার সময় গোপনে একটি ছোট সামরিক বিমানে চড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় সাংবাদিকদের ভিন্ন তথ্য দিয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানে থাকার কথা জানানো হয়েছিল।

রয়টার্সের এক প্রতিবেদনে *দ্য ওয়াশিংটন পোস্ট*-এর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আঙ্কারায় ন্যাটোর সম্মেলনে যোগ দিতে কাতারের উপহার দেওয়া নতুন বিমানে তুরস্কে যান ট্রাম্প। তবে ফেরার সময় নিরাপত্তার কারণে তিনি প্রকাশ্যে পুরোনো এয়ার ফোর্স ওয়ানে ওঠেন। পরে গোপনে একটি খাবার সরবরাহকারী ক্যাটারিং ট্রাকে করে কাছাকাছি থাকা সি-৩২এ নামের ছোট সামরিক বিমানে চলে যান।

ট্রাম্পকে বহনকারী সি-৩২এ বিমানটি রাত ১০টা ২০ মিনিটে যুক্তরাজ্যে পৌঁছায়। এর কিছু সময় পর সাংবাদিক ও কর্মীদের বহনকারী পুরোনো এয়ার ফোর্স ওয়ানও সেখানে অবতরণ করে।

তুরস্কের সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে। ইরানকে ঘিরে সংঘাতের তীব্রতা বাড়ায় ট্রাম্পের নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেছিলেন, পুরোনো স্মৃতির কারণে তিনি পুরোনো এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণ করছেন। নতুন বিমানটি সেনাসদস্যদের দেখানোর জন্য যুক্তরাজ্যে থামানো হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

গোপন এই ভ্রমণের বিষয়ে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভ চ্যাউং বলেন, প্রেসিডেন্টের নিরাপত্তায় সর্বাধুনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের শত্রুরা প্রেসিডেন্টের ওপর নজর রাখছে উল্লেখ করে তিনি বলেন, এ কারণে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এ বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি



banner close
banner close