চীনের পূর্ব উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাতে ব্যাপক বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসের সৃষ্টি হয়েছে। ঝড়ের প্রভাবে সাংহাইয়ের দুটি প্রধান বিমানবন্দরে প্রায় ১ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে কয়েক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে ঝেজিয়াংসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে।
চীনের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ান শহরের কাছে টাইফুন ডলফিন স্থলভাগে আঘাত হানে। এ সময় ঝড়টির কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি ছিল। এর আগে শনিবার ঝড়টির বহিরাংশের প্রভাবে উত্তর তাইওয়ানে ব্যাপক বৃষ্টিপাত হয়।
ঝেজিয়াং প্রদেশের তাইঝো শহর এবং পাশের ফুজিয়ান প্রদেশের উত্তরাঞ্চলে আঘাত হানার সময় টাইফুনটির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৯৩ মাইল। এতে উপকূলজুড়ে বিশাল ঢেউ সৃষ্টি হয়। প্রবল বৃষ্টিপাতের কারণে ঝেজিয়াংয়ে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে ভূমিধসের উচ্চ ঝুঁকির বিষয়েও সতর্ক করেছে কর্তৃপক্ষ।
সাংহাইয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য পেপারের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার নির্ধারিত ফ্লাইটের প্রায় ৬০ শতাংশ বাতিল করেছে শহরের হংকিয়াও ও পুডং বিমানবন্দর। এ ছাড়া ঝেজিয়াংয়ের হাংঝৌ বিমানবন্দরে প্রায় ২৭০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু এলাকায় ট্রেন চলাচলও স্থগিত রাখা হয়েছে।
চীনের আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিনে বিভিন্ন এলাকায় ৮ থেকে ১৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর ঝেজিয়াং প্রদেশের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। কোনো কোনো এলাকায় ২৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঝড়ের ঝুঁকির কারণে শুধু ওয়েনঝৌ শহর থেকেই প্রায় ৯ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য এক হাজারের বেশি জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ফুজিয়ানের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকেও প্রায় ৯৯ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এ ছাড়া ঝেজিয়াং ও ফুজিয়ান অঞ্চলে ২০০টিরও বেশি ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। উপকূলীয় প্রকল্পগুলোর কাজ বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে নির্মাণকাজে ব্যবহৃত শত শত জাহাজকে বন্দরে ফিরিয়ে আনা হয়েছে।
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র রোববার সকালে টাইফুন ডলফিনের জন্য রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কবার্তা জারি করেছে। চীনে ঝড়ের ক্ষেত্রে এটিই সতর্কতার সর্বোচ্চ পর্যায়।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝেজিয়াংয়ের কয়েকটি এলাকায় অতিভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সোমবার বিকেল পর্যন্ত সাংহাই এবং ফুজিয়ান, আনহুই ও জিয়াংসু প্রদেশের কিছু অংশেও ভারী বৃষ্টিপাত হতে পারে।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন:








