দীর্ঘদিন পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে কথা বলতে দেখা যায় তাকে।
মেহের নিউজের টেলিগ্রাম চ্যানেলে শনিবার প্রকাশিত ভিডিওটিতে মোজতবা খামেনিকে স্বাভাবিক ও সুস্থ অবস্থায় দেখা গেছে। তবে ভিডিওটি কখন ও কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি সংবাদ সংস্থাটি। তার সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয়ও জানানো হয়নি।
ইরানের সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। যুদ্ধাবস্থার মধ্যে আড়াল থেকেই তিনি দেশটির নেতৃত্ব ও শাসনব্যবস্থা পরিচালনা করে আসছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। এরপর তার কোনো ভিডিও বা অডিও বার্তা প্রকাশ্যে আসেনি। তার নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখিত বার্তার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে অথবা রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হচ্ছে।
মেহের নিউজের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চীনা সংবাদমাধ্যম সিজিটিএনও মেহের নিউজের বরাতে তাদের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেছে। তবে মেহের নিউজের ইংরেজি সংস্করণের ওয়েবসাইটে এ বিষয়ে কোনো প্রতিবেদন বা ভিডিও পাওয়া যায়নি।
দীর্ঘদিন পর মোজতবা খামেনির উপস্থিতির ভিডিও প্রকাশ পাওয়ায় তার শারীরিক অবস্থা ও কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটি ঠিক কবে ও কোথায় ধারণ করা হয়েছে এবং তার সঙ্গে থাকা ব্যক্তিরা কারা, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন:





.jpg)


