শনিবার

৮ আগস্ট, ২০২৬ ২৪ শ্রাবণ, ১৪৩৩

এবার ভারতীয় শিক্ষার্থীদের ওপর কঠোর ট্রাম্প প্রশাসন

নিউজ ডেস্ক বাংলা এডিশন

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬ ১৯:৩০

শেয়ার

এবার ভারতীয় শিক্ষার্থীদের ওপর কঠোর ট্রাম্প প্রশাসন
ছবি এআই মাধ্যমে তৈরি

উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার পথে ২০২৫ সালে বড় ধরনের বাধার মুখে পড়েছে ভারতীয় শিক্ষার্থীরা। সদ্য প্রকাশিত মার্কিন সরকারি পরিসংখ্যান বলছে গত বছর ভারতীয়দের জন্য এফ ওয়ান স্টুডেন্ট ভিসা অনুমোদনের হার কমেছে রেকর্ড সংখ্যক যা ৬২ শতাংশ। তবে একই সময়ে চীনা শিক্ষার্থীদের ভিসা অনুমোদনের হার কমেছে তুলনামূলকভাবে কম যা ৩৪ শতাংশ।

ওয়াশিংটনের তথ্য অনুযায়ী ২০২৪ সালের মে থেকে আগস্ট পর্যন্ত ৫৮৬৯৪ জন ভারতীয় শিক্ষার্থীর এফ ওয়ান ভিসা অনুমোদন করা হয়েছিল। ২০২৫ সালের একই সময়ে সেই সংখ্যা নেমে দাঁড়ায় ২২১৪৯ এ। অর্থাৎ এক বছরের ব্যবধানে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা অনুমোদন কমেছে অর্ধেকেরও বেশি।

অন্যদিকে ২০২৪ সালে চীনা শিক্ষার্থীদের ৬১০৭৫টি ভিসা আবেদন অনুমোদন করেছিল মার্কিন সরকার। ২০২৫ সালের মে থেকে আগস্টে সেই সংখ্যা কমে দাঁড়ায় ৪০০৩৪ এ। চীনা শিক্ষার্থীদের ভিসা অনুমোদন কমেছে প্রায় ৩৪ শতাংশ যা ভারতের তুলনায় কম।

বিশ্লেষকদের মতে মূলত ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিকেই ভিসা অনুমোদন কমার অন্যতম কারণ হিসেবে দেখানো হচ্ছে। এর আগে বিদেশি শিক্ষার্থীদের জন্য আমেরিকায় ছিল ডিউরেশন অব স্ট্যাটাস নীতি। ফলে নির্ধারিত নিয়ম মেনে পড়াশোনা চলাকালীন তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারতো।

তবে ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে এফ ওয়ান ভিসার মেয়াদ এবং বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের ক্ষেত্রে আনা হয়েছে কড়াকড়ি। নির্ধারিত সময়ের চেয়ে পড়াশোনা দীর্ঘ হলে নতুন করে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। পড়াশোনা শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে থাকার গ্রেস পিরিয়ডও ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করা হয়েছে।

চীনা শিক্ষার্থীদের তুলনায় ভারতীয়দের ওপর নতুন অভিবাসন নীতির প্রভাব বেশি পড়ার অন্যতম কারণ তাঁদের পাঠক্রম ও আমেরিকায় যাওয়ার উদ্দেশ্য। বেশিরভাগ চীনা শিক্ষার্থী স্নাতক কিংবা অপেক্ষাকৃত স্বল্পমেয়াদি কোর্সে যুক্তরাষ্ট্রে যায় এবং পড়াশোনা শেষে দেশে ফিরে যায়।

অন্যদিকে ভারতীয় শিক্ষার্থীদের বড় একটি অংশ উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি পড়াশোনা শেষে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটির মাধ্যমে আমেরিকায় কাজের সুযোগ নিতে চায়। পরবর্তীতে অনেকেই এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে দেশটিতে চাকরি চালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এদিকে গত বছর আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের পরিসংখ্যানে উঠে এসেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনে অংশ নেয়ার অভিযোগে যেসব বিদেশি শিক্ষার্থীর এফ ওয়ান ভিসা বাতিল করা হয়েছে তাঁদের বড় একটি অংশ ছিলো ভারতীয়।

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশ জারি করে জানান যুক্তরাষ্ট্রে আসা বিদেশিদের আমেরিকান নাগরিক সংস্কৃতি সরকার প্রতিষ্ঠান ও আদর্শের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব নেই তা নিশ্চিত করা হবে। এরপর থেকেই বিদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনে কড়াকড়ি শুরু করে মার্কিন প্রশাসন।

শুধু ভিসা অনুমোদন নয় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রেও শুরু হয়েছে নানা বিধিনিষেধ। এমনকি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি নিয়েও ট্রাম্প প্রশাসন একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপ আদালতে চ্যালেঞ্জের মুখেও পড়ে।

সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিতে আমেরিকায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখা ভারতীয় শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। বিশেষ করে উচ্চতর ডিগ্রি শেষে আমেরিকায় কাজের সুযোগ নেয়ার পরিকল্পনা করা শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে আরও কঠিন।



banner close
banner close