শনিবার

৮ আগস্ট, ২০২৬ ২৪ শ্রাবণ, ১৪৩৩

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬ ১০:২৭

শেয়ার

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
ছবি সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বাইরের শক্তির ওপর নির্ভরতা কমিয়ে মুসলিম দেশগুলোকে নিজেদের সক্ষমতার ওপর আস্থা রাখা এবং আঞ্চলিক সংহতি জোরদার করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বহিরাগত হুমকি মোকাবিলার সর্বোত্তম উপায় হলো মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ থাকা।

আব্বাস আরাঘচি বলেন, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বাহিনীর বিপরীতে ইরান তার সশস্ত্র বাহিনীর প্রস্তুতি, দক্ষতা ও সক্ষমতা সফলভাবে প্রদর্শন করেছে।

তিনি আরও বলেন, মুসলিমরা যখন ঐক্যবদ্ধ হয়, তখন বাইরের যেকোনো বিদ্বেষী শক্তির চ্যালেঞ্জ দৃঢ়ভাবে মোকাবিলা করা সম্ভব। এখন নিজেদের ওপর আস্থা রাখা এবং প্রকৃত ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার সময় এসেছে।

বিদেশি শক্তির পরিবর্তে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নেতৃত্বে নিজস্ব নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ইরানি কূটনীতিকদের সাম্প্রতিক অবস্থানের ধারাবাহিকতায় আরাঘচির এই মন্তব্য এসেছে।

একই দিনে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, পারস্য উপসাগরীয় দেশগুলো ক্রমশ অনুধাবন করছে যে এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এখানকার দেশগুলোরই।

তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোর নেতারা ইতোমধ্যে আঞ্চলিক আলোচনার পরিবেশ তৈরিতে রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছেন। অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরে এলে এই সংলাপ প্রক্রিয়া আরও গতি পাবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর



banner close
banner close