শুক্রবার

৭ আগস্ট, ২০২৬ ২৩ শ্রাবণ, ১৪৩৩

ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬ ০৭:৪৩

শেয়ার

ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
ছবি সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ফোনালাপে মধ্যপ্রাচ্যের (পশ্চিম এশিয়া) সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময়ের পাশাপাশি ভারত-ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন খাতের অগ্রগতি পর্যালোচনা করেছেন দুই নেতা।,

বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি জানান, দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারত্ব সময়ের সঙ্গে আরও সুদৃঢ় হচ্ছে এবং এই অংশীদারত্বের নানা খাতের অগ্রগতি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। এছাড়া আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলার বিষয়েও তারা একমত হয়েছেন।,

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, দুই শীর্ষ নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থে উদীয়মান প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃষি, পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রতিরক্ষা ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেছিলেন। সে সময় দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ‘শান্তি, উদ্ভাবন ও সমৃদ্ধির জন্য বিশেষ কৌশলগত অংশীদারত্ব’ গড়ে তোলার বিষয়ে ঐক্যমতে পৌঁছান মোদি ও নেতানিয়াহু।



banner close
banner close