ভারতের পশ্চিমবঙ্গে শব্দদূষণবিরোধী অভিযানে দুই দিনে ১ হাজার ২৭৬টি মসজিদ এবং ১৯৯টি মন্দিরকে লাউডস্পিকার সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ প্রশাসন। নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টির অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ধরনের বৈষম্য ছাড়াই সব ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যে প্রথমবারের মতো পরিচালিত এ অভিযানে উপাসনালয়গুলোর পরিচালনা কমিটিকে লাউডস্পিকার সরিয়ে ফেলতে এবং শব্দদূষণবিষয়ক বিধিমালা মেনে চলতে উৎসাহিত করা হয়েছে।
পশ্চিমবঙ্গের শব্দদূষণ (নিয়ন্ত্রণ ও বিধিমালা), ২০০০ অনুযায়ী, সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত যেকোনো লাউডস্পিকার ব্যবহার করতে হলে পুলিশের পূর্বানুমতি নিতে হয়। পাশাপাশি সাউন্ড লিমিটার ব্যবহার এবং শব্দের মাত্রা ৫০ থেকে ৭৫ ডেসিবেলের মধ্যে রাখাও বাধ্যতামূলক।
এদিকে, কয়েকটি মসজিদ ও মন্দির কমিটির প্রতিনিধিরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় পুলিশ প্রশাসন তাদের মৌখিকভাবে লাউডস্পিকার সরিয়ে ফেলতে বলেছে। তবে এ বিষয়ে তারা কোনো লিখিত নির্দেশনা পাননি।
আরও পড়ুন:








