পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে হামিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) বর্ধমান জেলার রেনেসাঁ হাউসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, হামিদ মণ্ডল জইশ-ই-মোহাম্মদের একটি শাখা গোষ্ঠী ‘হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠী’র সদস্য। পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বর্ধমান পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হামিদ মণ্ডলের কাছ থেকে শুভেন্দু অধিকারীর গতিবিধি, সফরসূচি এবং ভিআইপি মুভমেন্ট-সংক্রান্ত বিভিন্ন নথি উদ্ধার করা হয়েছে।
এছাড়া পুলিশ দাবি করেছে, হামিদ পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের একটি হ্যান্ডলার হিসেবে কাজ করছিলেন। তার সঙ্গে ওই সংস্থার নিয়মিত যোগাযোগ ছিল বলেও অভিযোগ করা হয়েছে। পুলিশ আরও দাবি করেছে, তিনি শুভেন্দু অধিকারীর গতিবিধির লাইভ লোকেশন কাশ্মীরে পাঠাচ্ছিলেন।
গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, শুধু তিনি নন, জইশের নজরদারিতে আরও অনেকেই রয়েছেন। তাদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী উমেশ রাইও রয়েছেন বলে তিনি দাবি করেন।
ঘটনাটিকে স্পর্শকাতর উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘ভীষণ স্পর্শকাতর বিষয়। আমি কোনো মন্তব্য করব না। আগামীকাল এসটিএফ বিবৃতি দেবে। এটা জাতীয় নিরাপত্তার বিষয়।’
এর আগে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী এবং ভারতীয় বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা চন্দ্রনাথ রথকে পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের তদন্ত এখনো চলমান।
আরও পড়ুন:








