বুধবার

২৯ জুলাই, ২০২৬ ১৪ শ্রাবণ, ১৪৩৩

ইসরায়েলি সেনাদের মধ্যে বাড়ছে আত্মহত্যার ঘটনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬ ২১:০৭

শেয়ার

ইসরায়েলি সেনাদের মধ্যে বাড়ছে আত্মহত্যার ঘটনা
ছবি সংগৃহীত

গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং একের পর এক সামরিক সংঘাতের প্রভাবে তীব্র মানসিক চাপে ভুগে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বাহিনীর অন্তত ১৬ জন সদস্য আত্মহত্যা করেছেন।

বুধবার (২৯ জুলাই) ইসরায়েলি সংবাদপত্র হারেৎস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর আত্মহত্যা করা ১৬ জন সেনাসদস্যের মধ্যে সম্প্রতি মাত্র দুই দিনের ব্যবধানে দুই নারী সেনা নিজেদের জীবন শেষ করেছেন।

নিহতদের একজন মিসর সীমান্তসংলগ্ন বারদেলাস ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। অপরজন তেল আবিবের কাছে অবস্থিত গ্লিলট সামরিক ঘাঁটির গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

হারেৎস জানায়, গোয়েন্দা বিভাগে কর্মরত ওই সেনাসদস্য তীব্র মানসিক অবসাদের কারণে আগেই সামরিক সেবা থেকে অব্যাহতি অথবা দায়িত্বের চাপ কমানোর জন্য আনুষ্ঠানিক আবেদন করেছিলেন। তবে সামরিক কর্তৃপক্ষ তার আবেদন প্রত্যাখ্যান করে।

দুই আত্মহত্যার ঘটনার পর পৃথক তদন্ত শুরু করেছে ইসরায়েলের মিলিটারি পুলিশ।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, গাজায় দীর্ঘদিনের সামরিক অভিযান, লেবাননের যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন এবং পশ্চিম তীরসহ পার্শ্ববর্তী অঞ্চলে দীর্ঘমেয়াদি মোতায়েনের ফলে সৃষ্ট মনস্তাত্ত্বিক চাপ আত্মহত্যার হার বৃদ্ধির অন্যতম কারণ।

এর আগে ২০২৫ সালেও কর্মরত সেনাদের মধ্যে অন্তত ২২টি আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছিল। হারেৎসের তথ্য অনুযায়ী, এটি ছিল গত ১৫ বছরের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীতে সর্বোচ্চ আত্মহত্যার সংখ্যা।

সামরিক বিশেষজ্ঞদের অভিমত, দীর্ঘ সময় ধরে যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন, সহিংসতা ও প্রাণহানির ঘটনা প্রত্যক্ষ করা এবং অব্যাহত মানসিক চাপের কারণে অনেক সেনাসদস্য গুরুতর মানসিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন। এরই পরিণতিতে আত্মহত্যা কিংবা অন্যান্য জটিল মানসিক ব্যাধির ঝুঁকি বাড়ছে বলে তারা মনে করছেন।



banner close
banner close