মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬ ১৩ শ্রাবণ, ১৪৩৩

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ নিহত ৩০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১১:০৬

শেয়ার

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ নিহত ৩০
ছবি সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাডুনা রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় আট শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। হামলায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) এ হামলার ঘটনা ঘটে বলে বাসিন্দাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এপি। তবে স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, রোববার গভীর রাতে কাউরা এলাকার নারিডন গ্রামে সশস্ত্র হামলাকারীরা অতর্কিতে হামলা চালায়।

গ্রামপ্রধানের সচিব ডোগন রানা জানান, বন্দুকধারীরা গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালায় এবং একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে আট শিশু আগুনে পুড়ে মারা যায়। হামলায় আরও চারজন আহত হন।

নাগরিক সমাজ সংগঠন সাউদার্ন কাডুনা পিস অ্যান্ড সিকিউরিটি নেটওয়ার্ক-এর চেয়ারম্যান ডেরেক ক্রিস্টোফার বলেন, গত বছরও একই সময়ে একই গ্রামে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছিল। তিনি অভিযোগ করে বলেন, বারবার এমন হামলা হলেও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও যুবনেতা ইশায়া দাওয়া জানান, হামলাকারীরা মধ্যরাতে গ্রামে প্রবেশ করে বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। তিনি দাবি করেন, কয়েকজনকে নির্মমভাবে জবাইও করা হয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে গ্রামটির একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

দাওয়া আরও বলেন, হামলার কয়েক ঘণ্টা পর সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ইতোমধ্যে কয়েকজন নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, কাডুনা রাজ্যের স্বরাষ্ট্র ও অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক কমিশনার সুলে শু'আইবু জানান, হামলার বিষয়ে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। রাজ্য পুলিশের মুখপাত্র মনসুর হাসান বলেছেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্র গোষ্ঠীর হামলা, অপহরণ ও গ্রামাঞ্চলে সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। নিরাপত্তাহীনতার কারণে ওই অঞ্চলের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই চরম ঝুঁকির মধ্যে বসবাস করছে।

সূত্র: রয়টার্স, এপি।



banner close
banner close