সোমবার

২৭ জুলাই, ২০২৬ ১২ শ্রাবণ, ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সিয়াটেলে খাবার উৎসবে গুলি, নিহত ২, আহত ৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১২:৪২

শেয়ার

যুক্তরাষ্ট্রের সিয়াটেলে খাবার উৎসবে গুলি, নিহত ২, আহত ৫
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটেল শহরে অনুষ্ঠিত বার্ষিক খাবার উৎসব ‘বাইট অব সিয়াটেল’-এ বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সিয়াটেল সেন্টারে আয়োজিত উৎসবে এ গুলির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনায় একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে উৎসবে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে দৌড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকেন। তারা ঘটনাস্থলের পরিস্থিতিকে ‘চরম বিশৃঙ্খল’ এবং ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন।

সিয়াটেল ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত পাঁচজনের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে।

সিয়াটেলের মেয়র কেটি উইলসন জানান, গুলির ঘটনায় জড়িত সন্দেহে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে তিনি দুইজনকে আটক করার কথা বললেও পরে একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে সন্দেহভাজনের পরিচয় বা ঘটনার পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঘটনার পর সিয়াটেল সেন্টার ও আশপাশের এলাকায় ব্যাপক পুলিশি তৎপরতা চালানো হচ্ছে। তদন্তের স্বার্থে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, এ ঘটনায় সিয়াটেল শহর ও ওয়াশিংটন অঙ্গরাজ্যের প্রতিনিধিরা গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছেন। তারা এই হামলাকে ‘অর্থহীন সহিংসতা’ আখ্যা দিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।



banner close
banner close