ভারতের আসাম রাজ্যে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে প্রতিবাদ সমাবেশের উদ্যোগ এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার অভিযোগে তিন মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন মঞ্জুর রহমান (২৩), আশরাফুল ইসলাম (২১) এবং আব্দুল কাশেম (২৩)।
অভিযোগ অনুযায়ী, ভারতের শিক্ষা খাতে অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানাতে তারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেন। পাশাপাশি শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি চেয়ে স্থানীয় লালুক থানায় আবেদন করেন। তবে পুলিশ তাদের সেই অনুমতি দেয়নি। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, মঞ্জুর রহমান ও আশরাফুল ইসলাম এমকমের শিক্ষার্থী। অপরদিকে আব্দুল কাশেম ফার্মাসিউটিক্যাল সায়েন্সে স্নাতক শেষ করে একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন।
গ্রেপ্তারের ঘটনায় মঞ্জুর রহমানের বাবা মজিবুর রহমান দাবি করেন, তার ছেলে শান্তিপূর্ণভাবে আন্দোলনের উদ্যোগ নিয়েছিল এবং কোনো অসাংবিধানিক কর্মকাণ্ডে জড়িত ছিল না।
অন্যদিকে আশরাফুল ইসলামের বাবা আয়ুব আলী অভিযোগ করেন, তারা মুসলিম হওয়ার কারণেই তাদের সন্তানদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তবে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন:








