দিল্লিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কঠোর পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ সদস্যদের সব ধরনের নিয়মিত ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিশেষ অনুমতি ছাড়া কোনো সদস্যকে প্রশিক্ষণ বা বিশেষ কোর্সে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে পুলিশ সূত্র এ তথ্য জানিয়েছে। দিল্লি পুলিশ সদর দপ্তর থেকে জারি করা নির্দেশনা জেলার উপপুলিশ কমিশনার (ডিসিপি), ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৈমিত্তিক ছুটি (ক্যাজুয়াল লিভ) ও অর্জিত ছুটিসহ (আর্নড লিভ) সব ধরনের নিয়মিত ছুটি স্থগিত থাকবে। তবে প্রকৃত জরুরি প্রয়োজন দেখা দিলে যথাযথ যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ছুটি মঞ্জুর করা হতে পারে।
এ ছাড়া দিল্লি পুলিশ কমিশনারের পূর্বানুমতি ছাড়া কোনো পুলিশ সদস্যকে প্রশিক্ষণ বা বিশেষ কোনো কোর্সে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না। সদর দপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে গেজেটেড কর্মকর্তাসহ বাহিনীর সব সদস্যের নিয়মিত ছুটি বাতিল থাকবে এবং সংশ্লিষ্ট সব ডিসিপিকে কঠোরভাবে এ নির্দেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান শিক্ষার্থী বিক্ষোভের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্দোলনকারীরা পরীক্ষা পদ্ধতির সংস্কার এবং নিট (এনইইটি) প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।
এর আগে (২০ জুলাই) সিজেপির আহ্বানে হাজারো বিক্ষোভকারী সংসদ চলো কর্মসূচি নিয়ে যন্তর মন্তরে সমবেত হন। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে বিক্ষোভকারীরা নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশ সদস্য ও আন্দোলনকারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন।
আরও পড়ুন:








