ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ ঘিরে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন পাঞ্জাবের কৃষকরা। এতে রাজধানীতে আরও বড় ধরনের রাজনৈতিক চাপের আশঙ্কা তৈরি হয়েছে।
আজ মঙ্গলবার ‘দেশ বাঁচাও মোর্চা’ কর্মসূচির অংশ হিসেবে দিল্লির উদ্দেশে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হওয়ার কথা রয়েছে পাঞ্জাবের কৃষকদের। বিভিন্ন এলাকায় ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। ট্র্যাক্টরে জাতীয় পতাকা ও কৃষকদের দাবিসংবলিত ব্যানার লাগানো হচ্ছে। আন্দোলনকারীদের ভাষ্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।
কৃষকদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সঙ্গে মোদী সরকারের কথিত ‘গোপন’ বাণিজ্য চুক্তি ভারতীয় কৃষকদের স্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তাদের আশঙ্কা, এই চুক্তির ফলে কম দামে আমেরিকান কৃষিপণ্য ভারতীয় বাজারে প্রবেশ করবে, যার কারণে দেশীয় কৃষকরা আরও কঠিন প্রতিযোগিতা ও আর্থিক সংকটের মুখে পড়বেন।
পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কৃষক ট্র্যাক্টর নিয়ে এই কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
এর আগে সোমবার মেডিকেল কলেজে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিটে অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও সিজেপির প্রায় ২০ হাজার সমর্থক সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে মিছিলে অংশ নেন। তাদের অগ্রযাত্রা ঠেকাতে দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এ সময় রাজধানীর কয়েকটি এলাকায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।
এদিকে, সিজেপির আন্দোলনের মধ্যেই পাঞ্জাবের কৃষকদের নতুন কর্মসূচি দিল্লির রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন। তবে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
আরও পড়ুন:








