বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

বিশ্বকাপে হারের ক্ষোভে পুলিশের সঙ্গে আর্জেন্টাইন সমর্থকদের সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ১৯:১৭

শেয়ার

বিশ্বকাপে হারের ক্ষোভে পুলিশের সঙ্গে আর্জেন্টাইন সমর্থকদের সংঘর্ষ, গ্রেপ্তার ১৫
ছবি সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

রোববার (১৯ জুলাই) ফাইনাল শেষে হাজারো সমর্থক রাজধানীর ঐতিহ্যবাহী ওবেলিস্ক স্মৃতিস্তম্ভ এলাকায় জড়ো হন। শুরুতে তারা হতাশা প্রকাশ করলেও একপর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ নেয়।

বিক্ষুব্ধ সমর্থকেরা দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ও কাচের বোতল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক দাঙ্গা পুলিশকে একজন বিক্ষোভকারীর মাথায় লাথি মারতে দেখা যায়।

মাঠের খেলা শেষ হলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে খেলোয়াড়দের মধ্যেও। ১-০ ব্যবধানে পরাজয়ের পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় ঘুষি ও লাথি মারার ঘটনাও দেখা যায়। ট্রফি প্রদান অনুষ্ঠানের সময় স্পেনের খেলোয়াড়দের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে ছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা।

পরাজয়ের পরও জাতীয় দলের প্রতি সমর্থন জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, খেলোয়াড় ও কোচিং স্টাফ যেদিন চাইবেন, সেদিনই জাতীয় ছুটি কার্যকর করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কুসংস্কারের কারণে তিনি নিউ জার্সির স্টেডিয়ামে উপস্থিত থেকে ফাইনাল দেখেননি।

অন্যদিকে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এখনো জাতীয় ছুটি ঘোষণা না করলেও সোমবার রাজধানী মাদ্রিদে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেখানে রাজা ষষ্ঠ ফিলিপ ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিশ্বজয়ী দলকে সংবর্ধনা জানাবেন।

সূত্র: দ্য টেলিগ্রাফ।