মঙ্গলবার

২১ জুলাই, ২০২৬ ৬ শ্রাবণ, ১৪৩৩

গভীর রাতে ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বিভিন্ন শহরে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ১১:২৬

শেয়ার

গভীর রাতে ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বিভিন্ন শহরে বিস্ফোরণ
ছবি সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধে ইরানের সামরিক সক্ষমতা আরও দুর্বল করার লক্ষ্যেই নতুন করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ ঘোষণার পরই গভীর রাতে ইরানের বিভিন্ন শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সোমবার (২০ জুলাই) স্থানীয় সময় রাত আড়াইটার দিকে নতুন দফার এ হামলা শুরু হয়। বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, টানা নবম রাতের মতো ইরানে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালানো হয়েছে। সংস্থাটির দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের লক্ষ্য করে হামলা চালাতে ইরান যে সামরিক সক্ষমতা ব্যবহার করছে, তা আরও দুর্বল করাই এই অভিযানের উদ্দেশ্য।

যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পর সোমবার ভোরে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, নতুন মার্কিন সামরিক অভিযান শুরুর পর তাবরিজে এটিই প্রথম হামলার ঘটনা।

রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের চাবাহার শহরেও কয়েকটি বিস্ফোরণ ঘটেছে।

আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশের দাশতি এলাকায় একাধিক বিস্ফোরণ হয়েছে। পাশাপাশি হরমোজগান প্রদেশের জাস্কে অন্তত তিনটি এবং সিরিকে আরও কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলে একটি শত্রু ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং সিস্তান ও বেলুচিস্তানের কোনারাক এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে, আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বুশেহর প্রদেশের খোরমোজ শহরে যুক্তরাষ্ট্রের হামলার পর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এছাড়া খুজেস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর মাহশাহর ও বন্দর ইমাম খোমেনি শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকা দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান।

এর মধ্যে গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাতের অবসান এবং দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করেছিল। তবে গত সপ্তাহে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা আবারও বৃদ্ধি পায় এবং উভয় পক্ষ নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু করে।



banner close
banner close