মঙ্গলবার

২১ জুলাই, ২০২৬ ৬ শ্রাবণ, ১৪৩৩

সংসদমুখী পদযাত্রায় পুলিশের নিষেধাজ্ঞা, অনড় ককরোচ আন্দোলনকারীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ১০:৫১

শেয়ার

সংসদমুখী পদযাত্রায় পুলিশের নিষেধাজ্ঞা, অনড় ককরোচ আন্দোলনকারীরা
ছবি সংগৃহীত

ভারতে যুবনেতৃত্বাধীন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকদের সংসদ অভিমুখে পদযাত্রার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। তবে আন্দোলনকারীরা পূর্বঘোষিত কর্মসূচি থেকে সরে আসার কোনো ইঙ্গিত না দেওয়ায় নতুন করে উত্তেজনা ও অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশটির শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও আরও জোরালো হচ্ছে।

শনিবার অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে পুলিশ জোর করে হাসপাতালে ভর্তি করার পর আন্দোলনে নতুন গতি আসে। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে নির্ধারিত পদযাত্রাকে ঘিরে শত শত সমর্থক ইতোমধ্যে আন্দোলনস্থলে জড়ো হয়েছেন।

গত মে মাসে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লাখ লাখ পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ককরোচ’ আন্দোলনের সূচনা হয়। অল্প সময়ের মধ্যেই ইনস্টাগ্রামে তাদের অনুসারীর সংখ্যা ২ কোটি ২০ লাখে পৌঁছে যায়। পরে আন্দোলনটি অনলাইন থেকে সারা দেশে ছড়িয়ে পড়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়।

৫৯ বছর বয়সী সোনম ওয়াংচুক রোববার তার স্ত্রীর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, পরিকল্পিত এই পদযাত্রা হবে ‘ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’। তার ভাষায়, এটি হবে ‘প্রশ্নপত্র ফাঁসের মতো অন্যায়ের বিরুদ্ধে স্বাধীনতার’ এবং ‘অবৈধ আটক ও ভয়ের বিরুদ্ধে স্বাধীনতার’ আন্দোলন।

এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ায় নিউ দিল্লি জেলায় পাঁচ বা তার বেশি মানুষের সমাবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। কেবল নির্ধারিত বিক্ষোভস্থল জন্তর মন্তরে সমাবেশের অনুমতি রয়েছে, যেখানে গত তিন সপ্তাহ ধরে আন্দোলনকারীরা অবস্থান করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানায়, ২০ জুলাই সংসদের অধিবেশন শুরুকে কেন্দ্র করে জননিরাপত্তা, ভিভিআইপি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সুরক্ষা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে ‘ককরোচ জনতা পার্টি’ জানিয়েছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পদযাত্রা অনুষ্ঠিত হবে। দলের এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পদযাত্রা অবশ্যই হবে। বাকি বিষয়গুলো নিয়ে আমরা পরিকল্পনা চূড়ান্ত করছি।’

সূত্র: জিও নিউজ



banner close
banner close