রবিবার

১৯ জুলাই, ২০২৬ ৩ শ্রাবণ, ১৪৩৩

গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ২২:৫১

শেয়ার

গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
ছবি সংগৃহীত

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের বাস্ত্রাল এলাকায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে স্থানীয় প্রশাসনের বরাতে বলা হয়েছে, ট্যালেন্ট ফায়ারওয়ার্কস নামের কারখানাটি একটি খামারের ভেতরে পরিচালিত হচ্ছিল।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও র‌্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তারা বিস্ফোরণের খবর পান। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালায়।

প্রাথমিকভাবে জানা গেছে, কারখানাটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল। তা সত্ত্বেও সেখানে আতশবাজি তৈরির কাজ চলছিল।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।



banner close
banner close