শুক্রবার

১৭ জুলাই, ২০২৬ ২ শ্রাবণ, ১৪৩৩

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬ ২২:২৬

শেয়ার

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত
ছবি সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ ভারত সরকার আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে পরীক্ষা করে দেখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (১৭ জুলাই) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা ও অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর নতুন কোনো অগ্রগতি রয়েছে কি না।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারত প্রত্যর্পণের জন্য একটি অনুরোধ পেয়েছে। আগেও এ বিষয়ে যা বলা হয়েছিল, সেই অবস্থানই বহাল রয়েছে। অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে তা বিবেচনা করা হবে।

ব্রিফিংয়ে বাংলাদেশের আরেকটি প্রত্যর্পণ অনুরোধ সম্পর্কেও প্রশ্ন করা হয়। এক সাংবাদিক বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, একজন অভিযুক্তকে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় নথিপত্র ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে বাংলাদেশে নির্বাচনের আগে একজন রাজনীতিবিদকে হত্যার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জয়সওয়াল বলেন, নির্দিষ্ট ওই ঘটনার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে প্রত্যর্পণ-সংক্রান্ত যেকোনো অনুরোধ সংশ্লিষ্ট আইন ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হয়ে থাকে বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশে ফিরে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানান। বাংলাদেশের সংশ্লিষ্ট আদালতে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং ওই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।



banner close
banner close