কলকাতার বিমানবন্দরসংলগ্ন গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ) ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে বিধাননগর পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজকে ঘিরে সম্ভাব্য জমায়েত ঠেকাতে বিমানবন্দরসংলগ্ন বাঁকড়া ৭ নম্বর গেট ও মসজিদ এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে, যা আগে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা নামে পরিচিত ছিল। এর আওতায় একসঙ্গে চার বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ।
শুক্রবার সকাল থেকেই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মাইকিং করে জানানো হচ্ছে, নিষেধাজ্ঞা চলাকালে কোনো ধরনের জমায়েত করা যাবে না। পাশাপাশি বহিরাগত কাউকে মসজিদের প্রবেশপথের দিকে যেতে দেওয়া হচ্ছে না।
এর আগে বৃহস্পতিবার জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ও রাজ্যের সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সংবাদ সম্মেলনে রাজ্যের মুসলিমদের কালো ব্যাজ পরে শুক্রবার জুমার নামাজে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বাঁকড়ার ৭ নম্বর গেটের সামনে শান্তিপূর্ণ সমাবেশের ঘোষণাও দেন।
অন্যদিকে, এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া জানিয়েছে, আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপত্তা বিধিমালা অনুযায়ী রানওয়ে থেকে স্থায়ী স্থাপনার ন্যূনতম দূরত্ব ২৪০ মিটার হওয়া উচিত। তবে সংশ্লিষ্ট মসজিদটি রানওয়ে থেকে প্রায় ১৬৫ মিটার দূরে অবস্থিত। সংস্থাটির দাবি, এতে রানওয়ে সম্প্রসারণের কাজ ব্যাহত হচ্ছে এবং বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ ছাড়া সংবেদনশীল এলাকায় প্রবেশে নিরাপত্তা ব্যবস্থার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসব কারণ দেখিয়ে মসজিদে সাধারণ মানুষের প্রবেশ ও নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদ ঘিরেই শুক্রবার বিমানবন্দর এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন:








