বৃহস্পতিবার

১৬ জুলাই, ২০২৬ ১ শ্রাবণ, ১৪৩৩

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হিসেবে নিয়োগ পেলেন রাবাব ফাতিমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১০:০৩

শেয়ার

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হিসেবে নিয়োগ পেলেন রাবাব ফাতিমা
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান ও নতুন বিশেষ প্রতিনিধি হিসেবে বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমাকে নিয়োগ দিয়েছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘের মুখপাত্রের দপ্তরের দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

রাবাব ফাতিমা কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হবেন।

রোজা ওতুনবায়েভার নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। একই সঙ্গে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা কানাডার জর্জেট গ্যাননকেও ধন্যবাদ জানান তিনি

বিবৃতিতে আরো বলা হয়, বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘে আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এতে বলা হয়, রাবাব ফাতিমার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৩০ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, বিভিন্ন বিষয়ে প্রচার-প্রচারণা (অ্যাডভোকেসি), এবং বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন।

বর্তমান দায়িত্ব নেয়ার আগে তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি (রাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালন করেন।

সেই সময় তিনি ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি ছিলেন। এছাড়া ২০২২ সালে তিনি শান্তি প্রতিষ্ঠা কমিশনের (পিসবিল্ডিং কমিশন) প্রথম নারী চেয়ার নির্বাচিত হন। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

আফগানিস্তানে জাতিসংঘের রাজনৈতিক, মানবিক ও উন্নয়ন কার্যক্রম সমন্বয়ে ইউএনএএমএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন দায়িত্বে রাবাব ফাতিমা দেশটির চলমান মানবিক সংকট, নারী অধিকার, উন্নয়ন সহযোগিতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ জোরদারে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।



banner close
banner close