ভারতের কর্ণাটকের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ ছদ্মবেশে গণপরিবহন পরিদর্শনে গিয়ে যাত্রীদের নিত্যদিনের ভোগান্তির বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ১০০ রুপির নোটের ভাঙতি না থাকায় এক বাস কন্ডাক্টর তাকে বাস থেকে নেমে যেতে বলেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শনিবার (১১ জুলাই) রাতে বেঙ্গালুরুর গণপরিবহন সেবা পরিদর্শনের অংশ হিসেবে মুখে মাস্ক পরে সাধারণ যাত্রীর বেশে হেব্বাল থেকে নাগাশেট্টিহাল্লিগামী একটি বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশন (বিএমটিসি) বাসে ওঠেন সুরেশ। তিনি কন্ডাক্টরের কাছে ১০০ রুপির একটি নোট দিয়ে দুটি টিকিট চান।
কন্ডাক্টর ভাঙতি চাইলে মন্ত্রী জানান, তার কাছে খুচরা টাকা নেই। জবাবে কন্ডাক্টর নিজের টাকার ব্যাগ দেখিয়ে বলেন, তার কাছেও পর্যাপ্ত ভাঙতি নেই। পরে ভাঙতি দিতে না পারলে তাকে বাস থেকে নেমে যেতে বলা হয়। মুখে মাস্ক থাকায় কন্ডাক্টর বুঝতে পারেননি যে যাত্রীটি রাজ্যের পরিবহনমন্ত্রী। কোনো পরিচয় না দিয়েই সুরেশ বাস থেকে নেমে যান।
সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত তিনি জয়মহল, টিভি টাওয়ার, আরটি নগর, সিবিআই রোড, হেব্বাল, মান্যতা টেক পার্ক, নাগাওয়ারা, হেন্নুর, হেন্নুর বান্দে, বায়রাথি বান্দে ও গেদ্দালাহাল্লি রুটে গণপরিবহন সেবা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় তিনি অল্প দূরত্বে একটি অটোরিকশায়ও যাত্রা করেন। নাগাশেট্টিহাল্লিতে পৌঁছে মিটারে ভাড়া ৩০ রুপি দেখালেও চালক তার কাছে ৩৬ রুপি দাবি করেন। কারণ জানতে চাইলে চালক বলেন, মিটারটি পুনরায় ক্যালিব্রেট করা হবে। শেষ পর্যন্ত সুরেশ চালককে ৪০ রুপি পরিশোধ করে অটোরিকশা থেকে নেমে যান।
আরও পড়ুন:








