বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯ আশ্বিন, ১৪৩৩

বঙ্গোপসাগরে হঠাৎ ভূমিকম্প, ভারতের উপকূলীয় শহরে কম্পন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ১৬:৩৯

শেয়ার

বঙ্গোপসাগরে হঠাৎ ভূমিকম্প, ভারতের উপকূলীয় শহরে কম্পন
ছবি সংগৃহীত

সকালে বঙ্গোপসাগরে হঠাৎ আঘাত হেনেছে একটি ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার ভারতের স্থানীয় সময় সকাল ৫টা ৫ মিনিটের দিকে উপকূলীয় শহর বিশাখাপত্তনমের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। গাজুওয়াকা, মঙ্গলাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালটেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি ও আপ্পুঘরসহ আরও কয়েকটি এলাকার বাসিন্দারা এই কম্পন টের পান।

ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (ইনকয়েস) জানিয়েছে, রোববার ভোরে বঙ্গোপসাগরে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার একটি মৃদু ভূমিকম্প হয়েছে, যার প্রভাবে বিশাখাপত্তনম শহরের বিভিন্ন এলাকায় হালকা কম্পন অনুভূত হয়েছে।

অন্যদিকে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় সকাল ৫টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহত, সম্পদের ক্ষয়ক্ষতি বা অন্য কোনও ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া আনাকাপল্লি, ভিজিয়ানাগারাম, কাকিনাডা ও কোনাসিমা জেলার বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি ছিল একটি অগভীর ভূমিকম্প। তবে ভূ-গঠনের স্বাভাবিক সমন্বয়ের কারণেই এই মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন তারা। এ কারণে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনও প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তারা। তাদের ভাষ্য, এই অঞ্চলটি ভূ-তাত্ত্বিকভাবে স্থিতিশীল।

এর আগে গত বছরের নভেম্বরে বিশাখাপত্তনম ও আলুরি সীতারামা রাজু জেলাতেও একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। তারও আগে ২০১৫ সালের ৪ নভেম্বর উত্তর উপকূলীয় অন্ধ্র প্রদেশের আলুরি জেলায় ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সে সময় বিকট শব্দ শোনার পর আতঙ্কিত হয়ে অনেক বাসিন্দা ঘর থেকে বেরিয়ে আসেন। তবে ওই ঘটনাতেও কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।