বিশ্বের অন্যতম শীর্ষ ও ঐতিহ্যবাহী ইসলামি বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২৪ করেছে। এর ফলে আগের তুলনায় দ্বিগুণ সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
শনিবার (১১ জুলাই) কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি আতাউল হক আল-আজহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক শিক্ষার্থী-বিষয়ক উপদেষ্টা নাহলা সাইদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার শিক্ষা ও একাডেমিক সহযোগিতা, বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণ ও উচ্চশিক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে নাহলা সাইদি জানান, মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজের অনুরোধের পরিপ্রেক্ষিতে আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২৪ করেছে। এর ফলে আরও বেশি সংখ্যক মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইসলামি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাবেন।
এ সময় নাহলা সাইদি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের নবপ্রণীত নীতিমালা, চলমান কার্যক্রম এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেন। পাশাপাশি তিনি রাষ্ট্রদূত সামিনা নাজের প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও আল-আজহারের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষা, গবেষণা, বৃত্তি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়।
আরও পড়ুন:








