শনিবার

১১ জুলাই, ২০২৬ ২৭ আষাঢ়, ১৪৩৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৪ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬ ১০:৫৪

শেয়ার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৪ হাজার ছাড়াল
ছবি সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ১১৮ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

শুক্রবার (১০ জুলাই) দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে ইতোমধ্যে জরুরি সরকারি সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করেছেন। ভূমিকম্পে ৮৫৬টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সম্পূর্ণ ধসে পড়েছে আরও ১৯০টি ভবন।

প্রেসিডেন্ট রদ্রিগেজ জানান, দুর্গত মানুষের জন্য ইতোমধ্যে ৯ হাজার ৭৬৬ মেট্রিক টন খাদ্যসামগ্রী এবং ১ কোটি ৩৯ লাখ লিটারের বেশি সুপেয় পানি বিতরণ করা হয়েছে। এছাড়া আহত ও অসুস্থ ২৯ হাজার ৯৬৬ জনকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য ৮৯টি অস্থায়ী ত্রাণশিবির স্থাপন করেছে কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বর্তমানে ৩০ হাজার ৭৬ জন সরকারি কর্মী, ২৯ হাজার ৮৪৩ জন স্বেচ্ছাসেবক এবং ৩ হাজার ৪৫৪ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন।

এদিকে, স্থানীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ১৭১টি মৃদু ও মাঝারি মাত্রার আফটারশক রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায় আঘাত হানে। এতে দেশজুড়ে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। বর্তমানে দেশীয় ও আন্তর্জাতিক সহায়তায় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।



banner close
banner close