রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

মুম্বাইয়ে রেড অ্যালার্ট, টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬ ১৭:১২

শেয়ার

মুম্বাইয়ে রেড অ্যালার্ট, টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
ছবি সংগৃহীত

ভারতের মুম্বাই ও আশপাশের এলাকায় টানা ভারি বৃষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় কয়েকটি স্থানে ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) রেড অ্যালার্ট জারি রেখেছে।

রবিবার সকালে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দিনভর ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ কারণে মুম্বাইয়ের নগর কর্তৃপক্ষ ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে।

রবিবার সকালে মেট্রো ও বেস্ট বাস চলাচল স্বাভাবিক থাকলেও শহরতলির ট্রেন চলাচলে বিলম্বের খবর পাওয়া গেছে। বিকেলে ৪ দশমিক ১৯ মিটার উচ্চতার জোয়ারের পূর্বাভাস থাকায় নিচু ও উপকূলীয় এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে শনিবারের প্রবল বর্ষণে মাত্র ১২ ঘণ্টায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে জলাবদ্ধতা, ভূমিধস, গাছ উপড়ে পড়া, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া এবং সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়। থানে, পালঘর, নবি মুম্বাই ও পুনেতেও বৃষ্টির প্রভাব পড়েছে এবং অনেক এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বিএমসির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৩১০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ভিখরোলি পশ্চিমের বিল্ডিং প্রপোজাল অফিস এলাকায়। এছাড়া কোলাবা পাম্পিং স্টেশন ও ভিখরোলির ঠাকুর নগর এলাকাসহ একাধিক স্থানে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আইএমডি জানিয়েছে, ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।



banner close
banner close