পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের সীমান্তবর্তী এলাকায় যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
শুক্রবার (৩ জুলাই) সকালে বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা অতিক্রম করে বাসটি খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা শাহিদ রিন্দ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্যে অন্তত ৪০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহত আটজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরানি জেলার ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার জানান, বাসটি কোয়েটা থেকে পেশাওয়ারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। শুরুতে বাসে ৩৬ জন যাত্রী ছিলেন। তবে পথে বিকল হয়ে পড়া আরেকটি বাসের যাত্রীরা এতে উঠে পড়ায় মোট যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয় এবং নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
শাহিদ রিন্দ জানান, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্গম পাহাড়ি সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:








