ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় বিদেশি অতিথি, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত খামেনিসহ অন্যান্যদের মরদেহ শুক্রবার ভোরে গ্র্যান্ড মোসাল্লায় নেওয়া হয়। সেখানে দুই দিনের জন্য সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হয়েছে।
শ্রদ্ধা জানাতে আসা প্রথম বিদেশি অতিথিদের মধ্যে ইন্দোনেশিয়া ও আফগানিস্তানের ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ছিলেন। এছাড়া ইরানের স্বীকৃত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নিয়ে সাবেক নেতার প্রতি সম্মান জানান।
ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হন। তার জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবাসহ ৩০টিরও বেশি দেশের জ্যেষ্ঠ কর্মকর্তা ও প্রতিনিধিরা ইতোমধ্যে ইরানে পৌঁছেছেন। প্রায় ১০০টি দেশের প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাম্প্রতিক সংঘাতে নিহতদের স্বজন এবং খামেনির কার্যালয়ের কর্মীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ইরানি কর্মকর্তাদের ধারণা, দাফন অনুষ্ঠানে এক থেকে দুই কোটি মানুষের সমাগম হতে পারে।
সূত্র: প্রেস টিভি, মেহের নিউজ এজেন্সি।
আরও পড়ুন:








