ভারতের তামিলনাড়ু রাজ্যে মাদ্রাজ হাইকোর্ট গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করে রায় দিলে তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকার।
রাজ্য সরকারের দাবি, হাইকোর্টের এই রায় প্রচলিত আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের মে মাসে মাদ্রাজ হাইকোর্ট উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের স্বার্থে ১৯৭৬ সালের সরকারি আদেশ কার্যকর করে রাজ্যজুড়ে গরু ও বাছুর জবাইয়ের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করে। আদালত নির্দেশ দেয় যে শুধু অনুমোদিত কসাইখানায় জবাই করা যাবে এবং ঈদুল আজহাসহ যেকোনো দিন গরু জবাই ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তবে টিভিকে সরকার সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে বলেছে, হাইকোর্ট আইনের নির্ধারিত সীমা অতিক্রম করেছে। তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন ১৯৫৮ অনুসারে ১০ বছরের বেশি বয়সী এবং কাজ বা প্রজননে অক্ষম গরু বা বাছুরকে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জবাই করা যায়। হাইকোর্টের নির্দেশ এই আইনের পরিপন্থী।
সরকারের অভিযোগ, সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে আদালত রাজ্য আইনসভার কাজে হস্তক্ষেপ করেছে এবং নিজের এখতিয়ারের বাইরে গিয়েছে।
এই রায়ের সূত্রপাত হয় ইন্দু মাক্কাল কাচ্চির রাজ্য সাধারণ সম্পাদক সূর্যের এক আবেদন থেকে, যেখানে প্রকাশ্যে অবৈধ গরু জবাই বন্ধের দাবি করা হয়। আদালত সংবিধানের ৪৮ অনুচ্ছেদ উল্লেখ করে গরু সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে এবং বলে যে গরু কোরবানি ইসলামের অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন।
আরও পড়ুন:








