মঙ্গলবার

৩০ জুন, ২০২৬ ১৬ আষাঢ়, ১৪৩৩

সিন্ধু পানিবণ্টন নিয়ে ভারতকে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ১১:৫৬

শেয়ার

সিন্ধু পানিবণ্টন নিয়ে ভারতকে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি
ছবি সংগৃহীত

সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান কড়া বার্তা দিয়েছে। দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক জানিয়েছেন, পাকিস্তানের ন্যায্য পানির হিস্যা কেড়ে নেওয়ার চেষ্টা হলে তার কঠোর জবাব দেওয়া হবে।

মঙ্গলবার এনডিটিভির বরাত দিয়ে জানানো হয়, এক সংবাদ সম্মেলনে মুসাদিক মালিক অভিযোগ করেন, ভারত পাকিস্তানের প্রাপ্য পানির প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি ও অর্থনীতির সঙ্গে এই পানি সরাসরি জড়িত এবং পাকিস্তান তার পানির অধিকার রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে। পাকিস্তানের পানির হিস্যায় কেউ হাত দিলে সেই হাত কেটে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

একই সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার বলেন, ইনডাস ওয়াটারস ট্রিটি এখনো আইনগতভাবে কার্যকর রয়েছে এবং এটি একতরফাভাবে স্থগিত, বাতিল বা সংশোধন করা সম্ভব নয়। আন্তর্জাতিক অঙ্গনেও পাকিস্তানের এই অবস্থান সমর্থন পাচ্ছে বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান অসিম মুনির একাধিকবার বলেছেন, পানি তাদের জীবনরেখা এবং এটি তাদের রেড লাইন।

২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত সিন্ধু পানিচুক্তির কার্যকারিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। ওই হামলায় ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় বাসিন্দা নিহত হন। এরপর থেকে দুই দেশের মধ্যে পানিবণ্টন ইস্যুতে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে।



banner close
banner close