রবিবার

২৮ জুন, ২০২৬ ১৪ আষাঢ়, ১৪৩৩

বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে কলকাতায় মিষ্টি বিতরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ১১:৩৫

শেয়ার

বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে কলকাতায় মিষ্টি বিতরণ
ছবি সংগৃহীত

দীর্ঘ বিরতির পর অবশেষে আজ রবিবার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা পুনরায় চালু হচ্ছে। এই খুশির সংবাদে কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা একে অন্যকে মিষ্টি খাইয়ে আনন্দ উদ্‌যাপন করেছেন।

ভিসা চালুর বিষয়টিকে কেন্দ্র করে রবিবার (২৭ জুন) কলকাতার মারকুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট ও নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী সংগঠনগুলো এক বিশেষ বৈঠকে মিলিত হয়। উক্ত সভায় বাংলাদেশি পর্যটকদের সেবার মানোন্নয়ন ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও এলাকার সার্বিক পরিকাঠামো পর্যালোচনার ওপর গুরুত্বারোপ করেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ী নেতাদের মতে, দুই বছর আগে বাংলাদেশিরা কলকাতার যে পরিচিত পরিবেশ ও আতিথেয়তা দেখে গিয়েছিলেন, এবারও যাতে তারা সেই একই স্বাদ পান, তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। পর্যটকরা যাতে কোনো ধরনের ভয় বা অনিশ্চয়তা ছাড়াই কলকাতায় স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় পরিবেশ তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশিদের ভ্রমণ ভিসা বন্ধ থাকায় কলকাতার নিউ মার্কেট, মারকুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট ও লিন্ডসে স্ট্রিটসহ পর্যটননির্ভর এলাকাগুলো চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়েছিল। দীর্ঘ সময় বেচাকেনা বন্ধ থাকায় অনেক ব্যবসায়ী ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলা করতে না পেরে কেউ কেউ ব্যবসা গুটিয়ে নিয়েছেন, আবার অনেকে বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছেন।

ভিসা পুনরায় চালুর খবরে বর্তমানে নিউ মার্কেটসহ আশপাশের এলাকায় খুশির আমেজ বিরাজ করছে। হোটেল মালিক, পোশাক বিক্রেতা, বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র এবং মোবাইল সিম বিক্রেতাদের পাশাপাশি হাতে টানা রিকশাচালকরাও নতুন করে আশার আলো দেখছেন। বাংলাদেশি পর্যটকদের আগমনে এই বাণিজ্যিক এলাকাগুলো আবার আগের মতো প্রাণচঞ্চল হয়ে উঠবে বলে ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন।



banner close
banner close