রবিবার

২৮ জুন, ২০২৬ ১৪ আষাঢ়, ১৪৩৩

ইরানে ফের যুক্তরাষ্ট্রের বিমান হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ০৮:৩৭

শেয়ার

ইরানে ফের যুক্তরাষ্ট্রের বিমান হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি
ছবি সংগৃহীত

একটি বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবারের এই নতুন হামলার ফলে গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি সমঝোতা ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্টের সরাসরি নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি অনুযায়ী, বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক আগ্রাসনের জবাবে মার্কিন বাহিনী এই অভিযান পরিচালনা করেছে। হামলায় ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রে মাইন স্থাপনের সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক বন্দরের অদূরে তাহরুই গ্রামে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এর আগে শুক্রবারও এই একই এলাকায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল। এ ছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপেও হামলার খবর পাওয়া গেছে।

হামলা শুরুর দুই ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ইরান যদি ওয়াশিংটনের প্রত্যাশা অনুযায়ী আচরণ না করে, তবে সামনে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্প অভিযোগ করেন যে ইরান বারবার যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘন করছে। যদিও তেহরানও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একই ধরনের চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন যে ইরানের শিক্ষা হবে কি না, তা নিয়ে তার যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি সতর্ক করে বলেন, এমন সময় আসতে পারে যখন যুক্তরাষ্ট্রের আর সংযত থাকার সুযোগ থাকবে না। সেক্ষেত্রে যে সামরিক অভিযান সফলভাবে শুরু হয়েছে, তা সম্পূর্ণ করতে তারা বাধ্য হবেন এবং তেমন পরিস্থিতি তৈরি হলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না বলেও তিনি হুমকি দেন।



banner close
banner close