শনিবার

২৭ জুন, ২০২৬ ১৩ আষাঢ়, ১৪৩৩

বেলুচিস্তানে সেনা অভিযানে ‘ভারতীয় মদদপুষ্ট’ ৮ সন্ত্রাসী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ১৩:৫৯

শেয়ার

বেলুচিস্তানে সেনা অভিযানে ‘ভারতীয় মদদপুষ্ট’ ৮ সন্ত্রাসী নিহত
ছবি সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খারান ও মাস্তুং জেলায় দুটি পৃথক অভিযানে আট সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর দ্য ডনের।

আইএসপিআর জানায়, গত ২৫ ও ২৬ জুন পরিচালিত এই দুটি অভিযান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ। পাকিস্তান বেলুচিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে চিহ্নিত করে আসছে এবং এসব গোষ্ঠীর সঙ্গে ভারতের সম্পৃক্ততা থাকার অভিযোগ তুলে আসছে, যা ভারত বরাবরই অস্বীকার করেছে।

আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, ২৫ জুন খারান জেলায় একদল সশস্ত্র ব্যক্তির গতিবিধির তথ্য পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এতে তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। পরদিন ২৬ জুন মাস্তুং জেলায় সম্ভাব্য এক আত্মঘাতী হামলাকারীর উপস্থিতির তথ্যের ভিত্তিতে আরেকটি অভিযান চালানো হয়। তীব্র গোলাগুলির পর সেখানে পাঁচজন নিহত হন, যাদের একজন আত্মঘাতী হামলাকারী ছিলেন বলে দাবি করা হয়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ, তাৎক্ষণিক বিস্ফোরক (আইইডি) ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। সংস্থাটি আরও জানায়, এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী অভিযান চলবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পৃথক বিবৃতিতে সফল এই অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। তারা একে নিরাপত্তা বাহিনীর দক্ষতা, সক্ষমতা ও দৃঢ়তার প্রমাণ বলে অভিহিত করেন এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াই সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত চলবে বলে জানান।



banner close
banner close