বৃহস্পতিবার

২৫ জুন, ২০২৬ ১১ আষাঢ়, ১৪৩৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত দেড়শতাধিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১৮:১১

শেয়ার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত দেড়শতাধিক
ছবি সংগৃহীত

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৭১ জন। ধসে পড়া ও ক্ষতিগ্রস্ত ভবনের সংখ্যা বিবেচনায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও অনুসন্ধান অভিযান এখনও অব্যাহত রয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, প্রধান দুটি ভূমিকম্পের পর এ পর্যন্ত অন্তত ৩০টি আফটারশক অনুভূত হয়েছে।

ভেনেজুয়েলার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, উদ্ধারকাজে আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করতে জাতিসংঘের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। একই সঙ্গে পুনর্গঠন কার্যক্রমের জন্য ২০ কোটি মার্কিন ডলারের একটি প্রাথমিক তহবিল গঠনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে আলোচনা চলছে।

রদ্রিগেজ আরও জানান, উদ্ধার কার্যক্রম জোরদারে ভারী যন্ত্রপাতি সরবরাহের জন্য বেসরকারি খাতের সহায়তা চাওয়া হয়েছে। তিনি দেশের জনগণকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, যেসব ভবন নিরাপদ হিসেবে চিহ্নিত হয়েছে, সেসব ভবনের বাসিন্দাদের আপাতত নিজ নিজ বাসভবনেই অবস্থান করা উচিত।

এদিকে নিহতদের স্মরণ এবং দুর্গতদের জন্য প্রার্থনা করতে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দেশের সব ধর্মাবলম্বীদের অংশগ্রহণে জাতীয় প্রার্থনার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মাত্র ৪০ সেকেন্ড পর কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী একটি ভূমিকম্প সংঘটিত হয়।

বিশ্লেষকদের মতে, এটি গত ১২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯০০ সালে দেশটির ইতিহাসে ৭ দশমিক ৫ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।



banner close
banner close