ভেনেজুয়েলায় এক মিনিটের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ আহত বা নিহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৪ জুন)। স্থানীয় সময় সন্ধ্যায় পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১। এর কেন্দ্রস্থল ছিল কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে ক্যারিবীয় উপকূলবর্তী মোরোন এলাকার কাছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ২২ কিলোমিটার।
প্রথম কম্পনের মাত্র এক মিনিট পর ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মোরোন থেকে প্রায় ১৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে এগুলো অন্যতম।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পর আঘাত হানা এই ভূমিকম্পে কারাকাসের বহু ভবন তীব্রভাবে কেঁপে ওঠে। আতঙ্কিত বাসিন্দারা দ্রুত ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। কয়েকটি এলাকায় ভবনের দেয়াল ধসে পড়ার খবর পাওয়া গেছে। শহরের বিভিন্ন স্থানে ধুলোর বিশাল স্তম্ভ দেখা যায় এবং সূর্যাস্তের পরও মানুষ খোলা জায়গায় অবস্থান করেন।
কারাকাসের বাসিন্দা হেক্টর রিচি বলেন, প্রথমে কম্পনটি হালকা ছিল, কিন্তু ধীরে ধীরে তা তীব্র হয়ে ওঠে। শেষ পর্যন্ত সবাইকে ভবন ছেড়ে বাইরে চলে আসতে হয়।
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জানান, দেশের একাধিক রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানীর আলতামিরা এলাকায় ভবন ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আহতদের উদ্ধারে জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।
এদিকে ভূমিকম্পের পর ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা জারি করেছে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। ডোমিনিকান প্রজাতন্ত্রও সতর্কতা জারি করেছে। তবে পুয়ের্তো রিকোর জন্য জারি করা সতর্কতা পরে প্রত্যাহার করা হয়।
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প তুলনামূলকভাবে বিরল হলেও দেশটি দক্ষিণ আমেরিকান ও ক্যারিবীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। ফলে মাঝেমধ্যে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি তৈরি হয়। সূত্র: এনডিটিভি
আরও পড়ুন:








