মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

খামেনির দাফন উপলক্ষে তেহরানে তিন দিনের ছুটি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ২২:১০

শেয়ার

খামেনির দাফন উপলক্ষে তেহরানে তিন দিনের ছুটি
ছবি সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়া উপলক্ষে রাজধানী তেহরানে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এক সংবাদে এই তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া ও দাফন প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই রাজধানীতে আনুষ্ঠানিক জানাজা ও শেষ বিদায়ের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে তেহরান প্রদেশে তিন দিন সরকারি ছুটি কার্যকর থাকবে।

পরবর্তী কার্যক্রম হিসেবে ৭ জুলাই পবিত্র নগরী কোমে আরেকটি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে তাকে চূড়ান্তভাবে দাফন করা হবে।

ইসলামি বিপ্লবের নেতা খামেনি প্রায় ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রথম দিন তিনি নিহত হন। নিরাপত্তা পরিস্থিতির কারণে তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়।

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়াকে ইরানের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও ক্ষমতার রূপান্তরের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। এসকল কর্মসূচিতে দেশজুড়ে বিপুল মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা থাকায় বর্তমানে ইরানজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



banner close
banner close