সোমবার

২২ জুন, ২০২৬ ৮ আষাঢ়, ১৪৩৩

রাসলাফফানে ভয়াবহ বিস্ফোরণ: আহত ৫৪, নিখোঁজ ১৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ১১:৩৭

শেয়ার

রাসলাফফানে ভয়াবহ বিস্ফোরণ: আহত ৫৪, নিখোঁজ ১৮
ছবি সংগৃহীত

কাতারের রাসলাফফান গ্যাসক্ষেত্রে গত রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। কারিগরি ত্রুটিজনিত এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জন আহত এবং ১৮ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানী দোহাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় এবং তীব্র কম্পনে ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র রাসলাফফানের ভেতরে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিস্ফোরণের সূত্রপাত হয়। দুর্ঘটনার পর পর কাতার পুলিশের পক্ষ থেকে কয়েকজনের হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। তবে কর্তৃপক্ষের দাবি, বিস্ফোরণস্থলের বাইরে কোনো ধরনের গ্যাস কিংবা বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।

আহত ৫৪ জনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিখোঁজ ১৮ জন কর্মীর সন্ধানে কাতারের বিশেষ বাহিনী বর্তমানে দুর্ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিবিড় তল্লাশি অভিযান চালাচ্ছে।

বিস্ফোরণের প্রচণ্ড শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির আকস্মিকতায় অনেকে একে ভূমিকম্প কিংবা কোনো হামলা বলে ধারণা করেছিলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ ও সিনহুয়ার তথ্যের ভিত্তিতে এই ক্ষয়ক্ষতির সংবাদ নিশ্চিত করা হয়েছে। বর্তমানে উদ্ধার তৎপরতা ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলমান রয়েছে।



banner close
banner close