লেবাননে ইসরায়েলি হামলার জের ধরে হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করেছে ইরান। শনিবার ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম-আল আনবিয়া এই ঘোষণা দেয়। তেহরানের অভিযোগ, লেবাননে ইসরায়েলের এই হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) এর সুস্পষ্ট লঙ্ঘন।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম-আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানায়, হরমুজ প্রণালি দিয়ে সব জাহাজ চলাচল বন্ধ থাকবে। এই পদক্ষেপকে শত্রুর প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ বলে অভিহিত করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে, আগ্রাসন অব্যাহত থাকলে শত্রুকে বাধ্যবাধকতা মানাতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
দক্ষিণ লেবাননে শনিবার ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। এই হামলা এমন সময় হয়, যখন কয়েক ঘণ্টা আগে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তির খবর আসে। এই ঘটনায় সুইজারল্যান্ডে নির্ধারিত ইরান-যুক্তরাষ্ট্র আলোচনাও স্থগিত হয়ে যায়।
উল্লেখ্য, চলতি সপ্তাহে স্বাক্ষরিত অন্তর্বর্তী যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হয়েছিল, যা এর আগে যুদ্ধ চলাকালে ইরান বন্ধ করে দিয়েছিল। ওমান ও ইরানের মধ্যবর্তী এই প্রণালি বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহের প্রধান রুট, ফলে এই বন্ধের ঘোষণায় বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, টাইমস অব ইসরায়েল
আরও পড়ুন:








