রবিবার

২১ জুন, ২০২৬ ৮ আষাঢ়, ১৪৩৩

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত পাঁচ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ১৫:৫০

আপডেট: ২০ জুন, ২০২৬ ১৮:১৫

শেয়ার

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত পাঁচ
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি ঘোষণার এক দিনেরও কম সময় পর শনিবার সকালে দক্ষিণ লেবাননে নতুন করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার ইসরায়েল এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নতুন করে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে জানিয়েছিলেন মার্কিন কর্মকর্তারা।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থার (এনএনএ) তথ্যমতে, মধ্যরাতের কিছু পর নাবাতিয়েহ আল-ফাওকা এলাকায় হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান।শনিবার সকালে আরাবসালিম শহরে চালানো হামলায় আরও ৩ জন নিহত হন। এছাড়া দেইর আল-জাহরানি ও দুয়েইর শহরে ড্রোন হামলায় আরও ২ জন নিহত হয়েছেন বলে সংস্থাটি জানায়।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত উভয় পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শুক্রবার বিকালে যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল-হিজবুল্লাহ। তবে নতুন করে এ সংঘাত ইরান-মার্কিন অস্থায়ী শান্তি চুক্তিকে হুমকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার হিজবুল্লাহর হামলায় দক্ষিণ লেবাননে ৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়। এ খবর প্রকাশের পর ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতিমার বেন গাভীর বলেন, সমগ্র লেবাননকে জ্বলতে হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে আইডিএফ দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালায়। তাদের দাবি, হামলাগুলো হিজবুল্লাহর সদস্য ও তাদের অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল। ইসরায়েলি বাহিনীর এসব হামলায় লেবাননে অন্তত ২৪ জন নিহত হয়।

এনএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে লেবাননে এখন পর্যন্ত ৩ হাজার ৯১২ জন নিহত এবং ১১ হাজার ৮৭৩ জন আহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে।



banner close
banner close