ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লাহর উত্তরে দুইটি মসজিদে অগ্নিসংযোগ করেছে ইসরাইলি বসতকারীরা। জিলজিলিয়া ও মাজরা আল-নুবানি গ্রামের ওই মসজিদ দুটির দেওয়ালে হিব্রু ভাষায় স্লোগান লেখা হয়েছে।,
স্থানীয় সূত্রের বরাতে তুরস্কের গণমাধ্যম আনাদলু এজেন্সি জানিয়েছে, ভোরের দিকে একদল বসতকারী জিলজিলিয়া গ্রামে প্রবেশ করে মসজিদে আগুন ধরিয়ে দেয়। এতে মসজিদের নারীদের নামাজের কক্ষ পুড়ে যায় এবং ভবনের বাইরের অংশেও ক্ষতি হয়।
গ্রামবাসীরা জানান, সাম্প্রতিক সময়ে জিলজিলিয়ায় বসতকারীদের হামলার ঘটনা বেড়ে গেছে। গত মাসেও ওই গ্রামে হামলা চালিয়ে একটি ভেড়ার পাল লুট করা হয়।,
অন্যদিকে একই সময় মাজরা আল-নুবানি গ্রামেও হামলা চালিয়ে একটি মসজিদে আগুন দেওয়া হয়। হামলাকারীরা উভয় মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় স্লোগান লিখে রেখে যায় বলে জানা গেছে।
অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলি সেনাবাহিনী ও বসতকারীদের হামলা তীব্র হয়েছে। এর মধ্যে অগ্নিসংযোগ, ভূমি দখল, কৃষকদের জমিতে প্রবেশে বাধা এবং অবকাঠামো ধ্বংসের ঘটনা বাড়ছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে ১,১৬৯ জন ফিলিস্তিনি নিহত, ১২,৬৬৬ জন আহত এবং প্রায় ২৩ হাজার জন গ্রেফতার হয়েছেন। একই সময়ে প্রায় ৩৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
আরও পড়ুন:








