মঙ্গলবার

১৬ জুন, ২০২৬ ২ আষাঢ়, ১৪৩৩

ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১৭:৩৮

আপডেট: ১৫ জুন, ২০২৬ ১৭:৩৯

শেয়ার

ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ের দক্ষিণ-পূর্ব সাগরে ৬.২ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় বিকেলের দিকে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে দেশটির ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ভূপৃষ্ঠের ৯৪ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ০৬.১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১২৬.৯৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে; যা দাভাও ওরিয়েন্টালের গভর্নর জেনিরোসো থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও ফিলিপাইনে ভূমিকম্প আঘাত হানার বিষয়ে একই ধরনের তথ্য দিয়েছে। ইউএসজিএস বলেছে, মিন্দানাও দ্বীপের কাছাকাছি সাগরে ১১২ কিলোমিটার (৬৯.৫ মাইল) গভীরে ওই ভূমিকম্প আঘাত হেনেছে।

তবে ভূমিকম্পের এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। যদিও দেশটির একাধিক ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থা আফটারশক এবং কাছাকাছি উপকূলীয় এলাকায় ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে মূল্যায়ন করা অব্যাহত রেখেছে।

গত সপ্তাহে একই এলাকায় আঘাত হানা এক প্রাণঘাতী ভূমিকম্পে অন্তত ৬৫ জন নিহত হন। এরপর ওই অঞ্চলে সম্ভাব্য ভূমিকম্পের আঘাতের বিষয়ে বাড়তি সতর্কতার মাঝেই নতুন করে এই ভূমিকম্প আঘাত হেনেছে।



banner close
banner close