সৌদি আরবে বসবাসরত প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য পৃথক ওয়ার্ক পারমিট গ্রহণ বাধ্যতামূলক করেছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি শ্রমবাজার ব্যবস্থাপনার ডিজিটাল প্ল্যাটফর্ম কিউয়া সম্প্রতি এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, এই বিশেষ ওয়ার্ক পারমিটের জন্য ১০০ সৌদি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত কিউয়া প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান নিবন্ধন, প্রশিক্ষণ চুক্তি, পদত্যাগ প্রক্রিয়া এবং ভিসা-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে।
কিউয়া জানিয়েছে, প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন ফি কোম্পানির আকার ও ইউনিফায়েড নম্বরের আওতায় নিবন্ধিত কর্মীর সংখ্যার ভিত্তিতে নির্ধারিত হবে। সেবা ফি পরিশোধ করা যাবে ব্যাংক কার্ড, সাদাদ পেমেন্ট সিস্টেম এবং কিউয়া ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে।
তামহীর কর্মসূচির আওতায় প্রশিক্ষণ চুক্তি এখন থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে। তবে এসব চুক্তি সৌদিকরণ নীতির হিসাব বা বিদ্যমান কর্মসংস্থান-সংক্রান্ত বাধ্যবাধকতার অংশ হিসেবে গণ্য হবে না।
পদত্যাগ-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, নিয়োগকর্তা আবেদন গ্রহণ বা স্থগিত না করলে কর্মীরা পদত্যাগপত্র জমা দেওয়ার সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করতে পারবেন। ভিসা-সংক্রান্ত নতুন নির্দেশনায় বলা হয়েছে, একবার ভিসা ইস্যু হলে কোনো তথ্য সংশোধন করা যাবে না। ভুল তথ্য থাকলে সংশ্লিষ্ট ভিসা বাতিল করে নতুন আবেদন করতে হবে।
সূত্র: গালফ নিউজ
আরও পড়ুন:








